এডুকেশন (উত্তর আয়ারল্যান্ড) অর্ডার 1996 এর সংজ্ঞা অনুযায়ী বিশেষ শিক্ষাগত চাহিদার অর্থ হল এই যে কোন শিশুর শিক্ষাগত সমস্যা আছে অথবা এমন কোনও সমস্যা যার কারণে বিশেষ শিক্ষাগত ব্যবস্থা উপলব্ধ করাতে হয়।
আইনে বলা আছে যে যদি কোন শিশুর সমবয়স্ক শিশুদের তুলনায় পড়াশোনা শেখার ক্ষেত্রে অধিকতর সমস্যা থাকে অথবা যদি তার এমন কোন অক্ষমতা থাকে যে কারণে অন্যান্য শিশুদের মত একই সুবিধা ব্যবহার করতে সমস্যা হয় তাহলে সেই শিশুর বিশেষ শিক্ষাগত চাহিদা আছে। 1996 এর আদেশটি বোর্ডগুলিকে বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন কোন শিশুর মূল্যায়ন করার অধিকার প্রদান করে। এই মূল্যায়নের পরে বোর্ড রিপোর্ট তৈরি করার সিদ্ধান্ত নিতে পারে। একে বলা হয় বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতি। এই বিবৃতিতে উল্লিখিত শিশুর চাহিদাগুলি পূরণের বন্দোবস্ত বোর্ডকে করতে হবে।
বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতির প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিধিবদ্ধ মূল্যায়ন হল শিশুর চাহিদাগুলির একটি বহু-তরফা মূল্যায়ন। এই প্রক্রিয়ার জন্যে বোর্ডকে বাবা-মায়ের কাছ থেকে, চিকিত্সাগত, মনস্তাত্ত্বিকও সমাজসেবা সংক্রান্ত পরামর্শ নিতে হয়, এর পাশাপাশি অন্য যে সব পরামর্শগুলি বাঞ্ছিত সেগুলিও নিতে হয়। বাবা-মায়েদের একজন বোর্ড অফিসারের নাম জানানো হয় যিনি প্রক্রিয়া চলাকালীন সহায়তা ও পরামর্শ প্রদানের জন্যে উপলব্ধ থাকবেন। এক সারি স্বয়ংসেবী সংস্থার কাছ থেকেও পরামর্শ পাওয়া যায়।
বিশেষ শিক্ষাগত চাহিদার বিবৃতি হল একটি নথি যা শিশুটির চাহিদাগুলি নির্ধারণ করে এবং এই চাহিদাগুলি পূরণের জন্যে যে বিশেষ সহায়তাগুলি প্রদান করা হবে সেগুলিও ধার্য করে। সেই সকল শিশুর ক্ষেত্রে বিবৃতির সুরক্ষা দেওয়া হবে যাদের চাহিদাগুলি এমন যার জন্যে মূলধারার স্কুলে সাধারণতঃ উপলব্ধ সংস্থানগুলির থেকে ভিন্ন অথবা অতিরিক্ত সংস্থান বন্টন করতেই হয়। বিশেষ শিক্ষাগত চাহিদার চিহ্নিতকরণ ও মূল্যায়নের অভ্যাসবিধিতে ইঙ্গিত করা হয়েছে যে আনুমানিক 2% শিশুদের এই ধরনের চাহিদা থাকবে। বিবৃতির প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে বোর্ড বিধিবদ্ধ মূল্যায়ন করাতে পারে।